Home ফুটবল উৎসব আর্জেন্টিনার অনুশীলনে অনুপস্থিত মেসি

আর্জেন্টিনার অনুশীলনে অনুপস্থিত মেসি

0
আর্জেন্টিনার অনুশীলনে অনুপস্থিত মেসি

পেশীর ব‍্যথায় অনুশীলনে ছিলেন না আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। চোট পরিস্থিতি সম্পর্কে পুরোপুরি জানতে বিভিন্ন পরীক্ষায় ব‍্যস্ত ছিলেন তিনি।

কোপা আমেরিকায় বাংলাদেশ সময় আগামী রোববার সকালে পেরুর মুখোমুখি হবে আর্জেন্টিনা। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম‍্যাচের আগে বৃহস্পতিবার বিকালে অনুশীলন করে শিরোপাধারীরা। আর্জেন্টাইন গণমাধ‍্যমের খবর, এতে অনুপস্থিত ছিলেন অধিনায়ক। সে সময় বিভিন্ন পরীক্ষা ও ‘কাইনেসিওলজি সেশন’ হয় তার।

চিলির বিপক্ষে ১-০ গোলে জয়ের ম‍্যাচে ডান পায়ের ঊরুর সমস্যায় ভুগতে দেখা যায় মেসিকে। ২৪তম মিনিটে প্রাথমিক শুশ্রূষা নেন তিনি। খেলা চলাকালে পরে আরও কয়েকবার নিজেই ঊরুতে মালিশ করতে দেখা যায় তাকে।

টানা দুই জয়ে সবার আগে কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত হয়ে যাওয়ায় পেরুর বিপক্ষে প্রথম পছন্দের খেলোয়াড়দের বিশ্রাম দেওয়ার কথা আগেই জানিয়ে রেখেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। তবে সেই ম‍্যাচ তো বটেই, আর্জেন্টিনার ক্রীড়া সাংবাদিক লিও পারাদিসো জানান, ইন্টার মায়ামি ফরোয়ার্ড অনিশ্চিত কোয়ার্টার-ফাইনালেও। তার তথ্য অনুযায়ী, কোয়ার্টার-ফাইনাল থেকে এখনই ছিটকে যাননি মেসি, তবে তাকে খেলানোটা বড় ঝুঁকির হতে পারে।

মেসিকে দল থেকে আপাতত ছেড়ে দিয়ে বাড়িতে থাকার অনুমতিও দেওয়া হয়েছে বলে জানান ওই সংবাদকর্মী। শনিবার বিকেলে আবার দলে যোগ দেবেন আর্জেন্টাইন অধিনায়ক।

আর্জেন্টিনা ফুটবল অ‍্যাসোসিয়েশন এখনও মেসির চোট নিয়ে কিছু জানায়নি। অধিনায়ককে নিয়ে শঙ্কার মাঝেই মায়ামিতে অনুশীলনে পেশীতে চোট পেয়েছেন ডিফেন্ডার মার্কোস আকুনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here